২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফৌজদারি দণ্ডবিধিতে ডিএনএ পরীক্ষার আইনগত মূল্যায়ন নেই

দেশের ফৌজদারি দণ্ডবিধিতে এখনও ডিএনএ পরীক্ষার আইনগত মূল্যায়ন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

অপরাধ আইন বিশেষজ্ঞ অ্যাড. আনিসুল হক শনিবার বিডিনিউজকে বলেন, ডিএনএ পরীক্ষার বিষয়টি এখনও দেশের ফৌজদারি আদালতের বিষয় নয়। তবে আজকাল মানুষের সনাক্তকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার আশ্রয় নেয়া হয়ে থাকে।

তিনি বলেন, ১৮৭২ সালের সনাক্তকরণ বিধি অনুযায়ী ডিএনএ পরীক্ষাও একটি প্রক্রিয়া। এই বিধি কার্যকর করা হলেও মানুষের পরিচয় নিশ্চিত হওয়ার জন্যে ডিএনএ পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

মানুষের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ডিএনএ টেস্টের বিষয়টি সংযুক্ত করা উচিত বলে মতামত ব্যক্ত করেন অ্যাড. আনিসুল হক।

তিনি আরও বলেন, ১৮৭২ সালের সনাক্তকরণ আইনে ডিএনএ টেস্টের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ডিএনএ পরীক্ষার বিষয়টি চালু হয়ে গেছে এবং মানুষের পরিচয় নিশ্চিত হওয়ার জন্যে এটি ব্যবহৃত হচ্ছে। ডিএনএ টেস্টের বিষয়টি সংযুক্ত করার জন্যে প্রয়োজনবোধে আইনের সংশোধনীও আনা যেতে পারে বলে তিনি জানান।

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জামালউদ্দিন চৌধুরীর অপহরণ ও হত্যা মামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ফটিকছড়ি উপজেলার গহীন বন থেকে র‌্যাব মাটি খনন করে যে কঙ্কালটি উদ্ধার করেছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে, এটি নিহত জামালউদ্দিনের কঙ্কাল।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, জামালউদ্দিনকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের হেফাজতে থাকার সময় জামালউদ্দিনকে হত্যা করা হয়েছে, তাও প্রমাণিত হয়েছে। তবে কে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে জামাউদ্দিনকে সনাক্ত করা হয়েছে। জামালউদ্দিনের হত্যাকারীদের সনাক্ত করার বিষয়টি নির্ভর করছে তদন্তের ওপর।

চট্টগ্রাম পুলিশ শুক্রবার জামালউদ্দিনের দেহাবশেষ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। জামালউদ্দিনকে ২০০৩ সালের জুলাইয়ে অপহরণ করা হয়।

গত ২৪ আগস্ট ফটিকছড়ি থেকে র‌্যাব তার দেহাবশেষ উদ্ধার করে এবং ৬ মার্চ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হয়। সিঙ্গাপুর হাসপাতালে তার ডিএনএ পরীক্ষা করা হয়।