যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট
যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট ডেকেছে। সাংবাদিকদের সাথে দু’দফা বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পূর্বসিদ্ধান্ত অনুযায়ী তারা এ ধর্মঘট আহবান করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পত্রিকার কমিশন বৃদ্ধি, উৎসব ভাতা প্রদান, এজেন্টদের স্থায়ী শেড নির্মাণ, হকার্স ইউনিয়ন ব্যতিরেকে পত্রিকা বিপণন বন্ধসহ সাত দফা দাবিতে তারা আন্দোলন করে আসছে।
বৃহস্পতিবার হকারদের দাবির পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা এজেন্ট ও হকারদের সাথে বৈঠকে বসেন। এরপর শুক্রবার রাতে সাংবাদিকরা আবারও তাদের সাথে সমঝোতা বৈঠকে বসেন। কিন্তু সমঝোতা না হওয়ায় শনিবার বিকেলে হকাররা অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট আহ্বান জানিয়ে শহরে মিছিল ও সমাবেশ করে।
তবে এজেন্ট এজাহার আলী, খুরশিদ আনোয়ার এবং হাফিজুর রহমান জানান, তারা নিজস্ব উদ্যোগে জাতীয় পত্রিকা বিক্রি করার ব্যবস্থা করবেন। এ উপলক্ষে তারা শহরে মাইকিং করেছেন।
