রাজধানীর শ্যামপুরে কাভার্ড ভ্যানের ভিতর থেকে জোড়া লাশ উদ্ধার
রাজধানীর শ্যামপুরে একটি কাভার্ড ভ্যানের ভিতর থেকে ওই ভ্যানেরই চালক ও হেল্পারের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের সন্দেহ চট্টগ্রাম থেকে টায়ার বোঝাই কাভার্ড ভ্যানটি ঢাকা আসার পথে তাদেরকে দু’ একদিন আগে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত চালকের নাম আলাউদ্দিন (৩০)। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলার ফতেপুর গ্রামে। অপরদিকে নিহত হেল্পারের নাম সাকিল (১৮)। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার দক্ষিণ গৈলা গ্রামে।
শ্যামপুর থানা পুলিশ জানায়, তারা পেস্তাগোলার ‘আজাদ রি রোলিং’ মিলের সামনে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের ওপর থেকে লাশ দুটি পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুটি লাশের ঘাড়ে গামছা জড়ানো ছিল।
পুলিশ সূত্র আরো জানায়, কাভার্ড ভ্যানের ভিতর থেকে উদ্ধার করা কাগজপত্র থেকে জানতে পেরেছে, নিহতরা ৭/৭ নর্থ ব্রুক লেনের মুজাহিদুল ইসলামের মালিকানাধীন ‘নিউ নিপ্পন ট্রেডার্স’ এর টায়ার বহন করছিল।
নিহতরা গত ৮ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। ওই দিনের পর থেকেই তারা নিখোঁজ ছিল।
পুলিশ আরো জানায়, এব্যাপারে এর আগে টায়ারের মালিক একটি সাধারণ ডাইরি করে।
লাশ দুটি মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে এ ব্যাপারে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং পুলিশ হত্যার কারণ উদঘাটন করতে পারেনি।
