বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, ২ ঘন্টা সড়ক অবরোধ
বাগেরহাট - খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা বাস স্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলো- ট্রাক চালক তাজমহল আলী (৩৫) ও হেলপার মোশারেফ হোসেন (১৮)। নিহতদের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাথুয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে খাজুরা বাসস্ট্যান্ডের কাছে পিরোজপুর থেকে খুলনাগামী ও খুলনা থেকে মংলাগামী পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
এসময় ছয়জন গুরুতর আহত হয়। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাগেরহাট - খুলনা মহাসড়কে দুই ঘন্টা ব্যারিকেড দিয়ে, সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ট্রাক দুটি আটক করেছে।
