ডাক বিভাগে স্ট্যাম্প জালিয়াতি করে কোটিপতি?
ডাক বিভাগের সামান্য পিয়নের চাকুরি করেও কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া গিয়াস উদ্দিনের বিরুদ্ধে স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে ডাক বিভাগের স্টোরে সংরক্ষিত পাকিস্তান আমলের বিভিন্ন স্টাম্প চুরি করে বিভিন্ন হাউজিং কোম্পানির কাছে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সংশ্লিস্ট সূত্র জানায়, পিয়ন গিয়াস উদ্দিন ডাক অধিদপ্তরে স্টোর শাখায় দীর্ঘ ২৫ বছর যাবত চাকরি করছেন।
বর্তমানে তিনি মেঘনা ট্রান্সপোর্ট ও হিমালয় ট্রান্সপোর্ট কোম্পানির পরিচালক এবং ডেমরায় গিয়াসউদ্দিন সুপার মার্কেটের মালিক। এছাড়াও ঢাকা -- তারাবো রোডে তার একাধিক মিনিবাস রয়েছে। একসময় তিনি ঢাকা তারাবো মিনিবাস মালিক সমিতি সাবেক সভাপতি ছিলেন।
অভিযোগ রয়েছে, প্রাইভেট কার যোগে তিনি প্রতিদিন অফিসে গিয়ে হাজিরা দিয়ে চলে যান। এ বিষয়ে গিয়াসউদ্দিনের সাথে যোগযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, অনেক আগে থেকেই আমি চাকরির পাশাপাশি ব্যবসা করে আসছি এসব সম্পদ আমার ব্যবসার টাকা দিয়ে তৈরি।
