ঘুষ-দুর্ণীতি-অনিয়মের অভিযোগে খুলনার এএসপি ও ওসিকে জেল হাজতে প্রেরণ
ঘুষ, দুর্ণীতি ও অনিয়মের অভিযোগে পুলিশের এএসপি আব্দুর রাজ্জাক এবং ওসি মাহতাব উদ্দিনকে মঙ্গলবার খুলনার নালিশী আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
আব্দুর রাজ্জাক (বর্তমানে ঝিনাইদহের এএসপি) এবং মাহাতাব উদ্দিন (বর্তমানে ঢাকা সিআইডির ওসি) ওই আদালতে আত্ম সমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
খুলনা জেলার কয়রা উপজেলার বাঘাইল গ্রামের খলিলুর রহমান ২০০৪ সালের ৬ আগষ্ট ১১জনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী ও লুটপাটের অভিযোগ এনে কয়রা থানায় একটি মামলা (নং-৪) দায়ের করেন। অভিযোগ রয়েছে, কয়রা থানার তৎকালীন ওসি মাহতাব উদ্দিন এবং খুলনার এএসপি আব্দুর রাজ্জাক নয় জন আসামীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়ে মাত্র দুই জনের নামে চার্জশিট দাখিল করেন।
পরবর্তীতে বাদি খলিলুর রহমান ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দারোগা আব্দুল লতিফ মুন্সী, ওসি মাহতাব উদ্দিন ও এএসপি আব্দুর রাজ্জাককে আসামী করে চলতি বছরে খুলনার নালিশী আদালতে অপর একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামী দারোগা আব্দুল লতিফ মুন্সী ইতিপূর্বে এ জামিন লাভ করেছেন।
