উত্তরায় গুলি ছুঁড়ে প্রাইভেট কার ছিনতাই
রাজধানীর উত্তরায় একটি বাড়ির সামনে সোমবার রাতে ছিনতাইকারী দল ফাঁকা গুলি ছুঁড়ে একটি প্রাইভেট কার ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।
রাত সাড়ে ১১ টায় উত্তরার ১০ নং সেক্টর ৮ নং রোড ৯ নং বাড়ির সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাতে বাড়ির ভাড়াটিয়ার কাজের বুয়াকে কাজ শেষে ড্রাইভার বাড়িতে পৌঁছে দিতে যায়। তাকে নামিয়ে দিয়ে আসার সময় পিছন থেকে একটি প্রাইভেট কার এসে ওই গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে তিন-চার জন ছিনতাইকারী নেমে ফাঁকা গুলি বর্ষণ করে এবং অস্ত্রের মুখে ড্রাইভারকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
উত্তরা থানা পুলিশ প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনাটি স্বীকার করেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি।
উল্লেখ্য, গত ছয় মাসে উত্তরা এলাকা থেকে সাত-আটটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সা ছিনতাই হয়।
পুলিশ সম্প্রতি একটি প্রাইভেট কার ও দুইটি সিএনজি অটোরিক্সা উদ্ধার এবং কয়েকজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
