পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
অজ্ঞাত সন্ত্রাসীরা সোমবার রাতে পাবনার চাটমোহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবর রহমান গুলি করে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবর রহমান চাটমোহরের নতুনবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আট/দশ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার উপর গুলি চালাতে শুরু করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানায়, মজিবর রহমান ১৯৮৮ সালের টুয়েলভ মার্ডার মামলার সাক্ষী।
ঘটনার পর আওয়ামী লীগের উপজেলা ও জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
