২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র ৭টি অনুষদের ডীন নির্বাচন সম্পন্ন: ৫টিতে সাদা ২টিতে নীল দল জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ডীন নির্বাচনে সোমবার বিএনপি সমর্থিত সাদা দলের প্রার্থীরা পাঁচটি অনুষদে বিজয়ী হয়েছেন। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে সকাল দশটা থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

কলা অনুষদ থেকে সাদা দলের প্রার্থী ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড.সদরুল আমিন দ্বিতীয় দফায় ডীন নির্বাচন হয়েছেন। তিনি ১২৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দী নীল দলের প্রার্থী একই বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন পেয়েছেন ৭৭ ভোট।

বিজ্ঞান অনুষদে সাদা দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম ১০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল দলের প্রার্থী বর্তমান ডীন ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদ পেয়েছেন ৯৮ ভোট।

সামাজিক বিজ্ঞান অনুষদে নীল দলের প্রার্থী বর্তমান ডীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশীদ ১৩২ ভোট পেয়ে দ্বিতীয় দফায় ডীন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক শাহেদ হাসান ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

জীব বিজ্ঞান অনুষদে নীল দলের প্রার্থী অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী ৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বাণিজ্য অনুষদে সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ফার্মেসী অনুষদে সাদা দলের প্রার্থী বর্তমান ডীন ও ফার্মাসিউটিক্যাল ক্যামেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল দলের প্রার্থী ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক ৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনার কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সাতটি অনুষদেই দু’ শিক্ষাবর্ষের জন্য ডীন নির্বাচিত হয়েছেন তারা।

আইন অনুষদে সরকার সমর্থক সাদা দলের প্রার্থী আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের বিরুদ্ধে বিরোধী আওয়ামী লীগ সমর্থক নীল দল কোন প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাকে আইন অনুষদের ডীন ঘোষণা করা হয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের নবনির্বাচিত ডীন অধ্যাপক হারুন অর রশীদ বলেন, কোনোরকম দলীয় ভিত্তিতে নয় বরং মেধা বিবেচনা করে তিনি সকল প্রকার নিয়োগ দিয়েছেন বলে আবারও শিক্ষকরা তাকে ডীন নির্বাচিত করেছেন। তিনি আরো বলেন, শিক্ষকদের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করেছেন বলেই শিক্ষকরা তাকেই আবারও ডীন হিসেবে চেয়েছেন।

অধ্যাপক ড.তাজমেরী এস এ ইসলাম বলেন, শিক্ষকদের তার ওপর আস্থা রয়েছে এ নির্বাচন তাই প্রমাণ করে।