২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সেতুর নাম পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ, উদ্বোধনের দিন হরতাল আহ্বান

ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর ওপর নবনির্মিত শহীদ ময়েজ উদ্দীন সেতুর নাম পরিবর্তন করে ‘ঘোড়াশাল সেতু’ রাখার প্রতিবাদে রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। এদিকে সোমবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাজাহান সাজুর নেতৃত্বে রোববার বিকেলে মহাসড়কের সৈয়দ নগরে অবরোধ করা হয়।

এ সময় মহাসড়কে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে সেতুর নাম পরিবর্তনের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ পলাশ উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

হরতালের সমর্থনে রোববার বিকেলে ঘোড়াশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নরসিংদী জেলা আওয়ামী লীগ সদস্য ফারুকুল ইসলাম, মাজেদুল ইসলাম সেলিম, জেলা আওয়ামী-যুব লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম নাসিম, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মোঃ ইলিয়াছ প্রমূখ।

বক্তারা শহীদ ময়েজ উদ্দিন সেতুর নাম পরিবর্তন না করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সোমবার সেতুটের উদ্বোধন করার কথা রয়েছে। সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পলাশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত ৪২১ দশমিক ৭৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থের সেতুটির নাম পরিবর্তন করে ‘ঘোড়াশাল সেতু’ রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ৯ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আওয়ামী লীগের সাংসদ রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ ময়েজ উদ্দীনের নামে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর হরতাল পালনকালে ছুড়িকাঘাতে ময়েজউদ্দীন প্রাণ হারান।