২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ ফেব্রুয়ারির মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তার না করলে পরদিন থেকে বৃহত্তর খুলনা রুটে পরিবহন ধর্মঘট

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি পরিবহন সেক্টরের চাঁদাবাজ মীর আবু সাঈদসহ অন্যান্যদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার না করলে ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহত্তর খুলনা রুটে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট আহ্বান করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানায়, মাগুরা মালিক সমিতির সভাপতি মীর আবু সাঈদ গত শুক্রবার ঈগল পরিবহনের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। তাৎক্ষনিকভাবে চাঁদার টাকা পরিশোধ না করায় মাগুরার ঈগল পরিবহনের অফিসে তালা ঝুলিয়ে দেয়। সে অন্যান্য পরিবহনকেও একইভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

চাঁদাবাজরা ঈগল পরিবহনসহ ১০/১২টি গাড়ি ভাংচুর এবং শ্রমিকদের নির্যাতন করেছে বলে সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন সাক্ষরিত এক প্রেসবিজ্ঞুপ্তিতে বলা হয় ২৭ ফেব্রুয়ারির মধ্যে মীর আবু সাঈদসহ এইসব চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে পরদিন থেকে তারা বৃহত্তর খুলনা রুটে সকাল সন্ধ্যা সমস্ত কোচ চলাচল বন্ধ করতে বাধ্য হবে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে তারা বৃহত্তর কর্মসূচী দেবে।