২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর তেজগাঁওয়ে বহুতল গার্মেন্ট ফ্যাক্টরি ধস: বহু হতাহতের আশংকা

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শনিবার সকাল ১১টায় একটি বহুতল গার্মেন্ট ফ্যাক্টরি ধসে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ফরিদ আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 01:38 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ জানায়, ভবনটি যখন ধসে পড়ে ঠিক তখন মহাখালী বাসস্ট্যান্ডের পাশের ওই গার্মেন্টে (ফনিক্স টেক্টাইল) দুই/তিনশ’ লোক ছিল।

ধসের কারণে সাততলা ভবনের এখন মাত্র দুইতলা দেখা যাচ্ছে। বাকি পাঁচতলা মাটির নিচে ঢুকে গেছে।

ওই ভবনের দুই বাড়ি পরের বাসিন্দা স্থানীয় বিএনপি’র সহসভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর বলেন, এটা ছিল ভূমিকম্পের মত একটা ঘটনা।

তিনি বলেন, আমি গোসল সেরে জামাকাপড় পরার জন্যে বারান্দায় বের হয়েছি, তখনই হঠাৎ করে বিকট শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল। আমার ভাই চেয়ারে বসা অবস্থায় সেখান থেকে পড়ে যায়।

মোটর শ্রমিক আসলাম বলেন, ভবনটি ধসার পরই তিনি ওই স্থানে গিয়ে দেখেন, অনেক পথচারিই ধ্বংস স্তুপের মধ্যে আটকা পড়েছে।

তিনি বলেন, আমরা তাদের মধ্যে কয়েকজনকে বের করেছি।

ধংসস্তুপের মধ্যে আটকে পড়া শ্রমিকরা সাহায্যের জন্যে আর্ত চিৎকার করছে।

‘বাঁচাও, আমাকে বের কর’- এমন আর্ত চিৎকার বাইরে থেকে শোনা যাচ্ছে।

ফায়ার বিগ্রেডের মহাপরিচালক কর্ণেল রশিদ বলেন, এটা সাভারের বাইপাইল স্পেকট্রাম গার্মেন্ট ভবন ধসের মত ঘটনা। গত ১০ এপ্রিল সাভারের বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্ট ভবন ধসে ৬২ জন নিহত হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার বিগ্রেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ঘটনাটি বাইপাইল ঘটনার মত হওয়ায় তারা উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।

ভবন ধসের দেড় ঘন্টা পর সেনা সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের বলেন, উদ্ধার অভিযানের জন্যে সেবাহিনী তলব করা হয়েছে।

ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা ও স্থানীয় সাংসদ মোসাদ্দেক আলী ফালু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

দুর্ঘটনাস্থল ঘিরে না রাখায় হাজার হাজার লোক উদ্ধার অভিযানে যোগ দেওয়ার চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় ও তৃতীয় তলায় গার্মেন্ট কারখানা। চতুর্থ ও পঞ্চম তলায় চলছিল হাসপাতালের ইন্টিরিয়র ডিজাইনের কাজ। এর আগে ওই দুইতলা গুদাম হিসেবে ব্যবহৃত হত।

স্থানীয়রা আরও জানান, ফনিক্স গার্মেন্টের মালিক ব্যবসা পরিবর্তনের কারণে ইচ্ছে মত ইন্টিরিয়র ডিজাইন পরিবর্তন করেছেন।

চট্টগ্রাম গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪০ ঘন্টা পরই এ দুর্ঘটনা ঘটল। চট্টগ্রাম গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জন নিহত হয়।