ডাক বিভাগে ৫০০ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িতরা বহাল তবিয়তে
বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন সময়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সুপারিশ সত্ত্বেও সংশ্লিষ্টরা বিভিন্ন পদে বহাল তবিয়তেই আছেন।
মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব তাদের রক্ষা করে চলেছেন বলে জানা গেছে।
কমিটি সূত্র জানায়, বিভিন্ন সময়ে ডাক বিভাগের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি তদন্তে গঠিত কমিটির তদন্তে এসব অনিয়ম ধরা পড়ে। আত্মসাতের এসব ঘটনার সাথে ডাক বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, ঢাকা প্রধান ডাকঘরের (জিপিও) পেনশন শাখায় ১৯৯৪ সাল থেকে ফেব্রুয়ারি ’৯৯ পর্যন্ত পাঁচ বছরে প্রায় দুই কোটি টাকা আত্মসাত হয়। বিভিন্ন পর্যায়ের পেনশনভোগীদের অর্থ জমা না করে তাদের এ টাকা আত্মসাত করা হয়।
এসব ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা হয়।
যানবাহনের ট্যাক্স টোকেন ও রোড ট্যাক্স থেকে সংগৃহীত প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৬৩ জন কর্মকর্তা-কর্মচারিকে অভিযুক্ত করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এবং পাঁচজন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের (পিএমজি) নেতৃত্বে পৃথক একটি তদন্ত কমিটি এ আত্মাসাতের ঘটনা উদঘাটন করে।
ওই কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, বরিশালের মাধবপাশা ইইউএসও-এর ইডিএসপিএম কর্তৃক ভুয়া মানি অর্ডার ইস্যুর মাধ্যমে প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তা ও ৬৪ কর্মচারি জড়িত।
রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা এবং রংপুরের প্রধান ডাকঘর থেকে প্রায় ১০ কোটি টাকার সঞ্চয়পত্র জালিয়াতির ঘটনায় পরিচালক (ডাক) খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত কমিটি ৬০ জন কর্মকর্তাকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।
ওই কমিটি ডাক অধিদপ্তরের আনুষাঙ্গিক ব্যয় খাতে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে এবং তাদেরকে সাময়িক বরাখাস্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে।
মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি ছাড়াও আরো কয়েকটি কমিটি ডাক বিভাগের স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় ৩৫৩ কোটি টাকা সরকারি রাজস্ব ক্ষতির ঘটনা উদঘাটন করে।
সূত্র জানায়, ডাক বিভাগের অর্থ আত্মসাতের কয়েকটি ঘটনায় ডাক বিভাগের মহাপরিচালক এসএম আবদুস সালামেরও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমান পায় তদন্ত কমিটি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সুপরিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
