বিদ্যুত গ্রীড বিপর্যয়: ছুটির দিনে ঘাটতি ১৫০০ মেগাওয়াট
বিদ্যুত গ্রীড বিপর্যয়ের কারণে শুক্রবার ছুটির দিনে সারাদেশে বিদ্যুৎ ঘাটতি দাঁড়িয়েছে ১৫০০ মেগাওয়াটে। দুপুরে সৃষ্ট এই বিপর্যয়ের ফলে পুরো উত্তরাঞ্চল প্রায় দেড় ঘন্টা ছিল পুরোপুরি বিদ্যুৎহীন। রাজধানীসহ সারা দেশে দেখা দেয় ভয়াবহ বিদ্যুৎ সংকট।
বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে সন্ধ্যায় সাড়ে ৭ টার পিক আওয়ারে ৩৮০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা সরবরাহ দিতে পেরেছে ২৩৯৩ মেগাওয়াট। তাদের হিসাবেই দেশব্যাপী বিদ্যুৎ ঘাটতি ছিলো ১২৫০ মেগাওয়াট।
কিন্তু ভিন্ন একটি সূত্রের দাবি, পিক আওয়ারে বিদ্যুৎ ঘাটতির পরিমান ছিলো ১৫০০ মেগাওয়াটের ওপরে।
পিডিবি’র জনসংযোগ বিভাগ সূত্র জানায়, বেলা ১টা ২০ মিনিটের সময় ইস্ট-ওয়েস্ট ইন্টার কানেকটরের হাসনাবাদ-মেঘনাঘাট প্রান্তে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এই লাইন সরবরাহ। এ ঘটনায় পূর্বাঞ্চল থেকে দেশের উত্তরাঞ্চলে যে বিদ্যুৎ সঞ্চালন করা হতো, তা একেবারে বন্ধ হয়ে যায়। এ সময় পিডিবি’র মোট বিদ্যুৎ উৎপাদন ছিলো ২৬৬৫ মেগাওয়াট। কিন্তু গ্রীড বিপর্যয়ের প্রথম ধাক্কায় ৮৯০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তিনটি বড় বিদ্যুৎ কেন্দ্র হয়ে যায় বন্ধ। এগুলো হচ্ছে: মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ক্ষমতার আইপিপি, সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট এবং ঘোড়াশাল-৬ ২১০ মেগাওয়াট।
বেলা ২ টা ২৪ মিনিটে ইস্ট-ওয়েস্ট কানেকটরের একটি সার্কিট চালু করা হয়। বিকাল ৩ টা ৩ মিনিটে চালু হয় দ্বিতীয় সার্কিট। এর পর পর্যায়ক্রমে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট, সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট এবং ঘোড়াশাল-৬ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়।
কিন্তু যান্ত্রিক ক্রটির কারণে ঘোড়াশাল-৬ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার পরপরই আবার বন্ধ হয়ে যায়। কিছু সময় পরে ঘোড়াশাল-৪ ২১০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে শুক্রবার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মারাত্বক বিপর্যয়ের মুখে পড়ে।
জানা যায়, দুপুরে গ্রীড বিপর্যয়ের পর উৎপাদন ১৬৯৫ মেগাওয়াটে নেমে আসে। ফলে দিনের বেলায় প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির মুখে পড়ে পিডিবি।
এ ঘটনায় শুক্রবার সারা দেশে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। রাজধানীসহ এর পাশ্ববর্তী এলাকায় দুপুর থেকেই দফায় দফায় লোডশোডিং এর ঘটনা ঘটে। দেশের গ্রামাঞ্চলের চিত্র ছিলো আরো ভয়াবহ।
