২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম প্রতিরোধে বিশ্বের সবচে বড় অভিযান শনিবার থেকে শুরু হচ্ছে

বাংলাদেশ সরকার হাম প্রতিরোধে তিন সপ্তাহ’র টিকা দান কর্মসূচি একযোগে শনিবার থেকে শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আমেরিকান রেডক্রস, জাতিসংঘ তহবিল, সিডিসি এবং জাপান সরকার এই কর্মসূচীর জন্যে অর্থ সহায়তা দিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসুচি বাংলাদেশে শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি। তিন সপ্তাহের এই কর্মসুচীটি শেষ হবে ১৬ মার্চ।

জনস্বাস্থ্য প্রকল্পে এটাই বাংলাদেশে পরিচালিত সবচেয়ে বড় কর্মসূচি।

এ কর্মসূচিতে ৫০ হাজারের মত দক্ষ স্বাস্থ্যকর্মী ও ৭,৫০,০০০ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। বাংলাদেশের ৬২টি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে।

আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশের নয়মাস বয়সী থেকে শুরু করে ১০ বছর বয়সী তিন কোটি পঁয়ত্রিশ লাখ শিশুকে টিকা দান সম্ভব হবে।

রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে শনিবার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচীর উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আমেরিকান রেডক্রস, জাতিসংঘ তহবিল, সিডিসি এবং জাপান সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

এই টিকাদান কর্মসূচীটি সরকারের ছয় বছর (২০০৪-২০১০) মেয়াদী হাম নির্মুল অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

টিকাদান কর্মসূচীর সহযোগী সংস্থা ইউনিসেফ ইতোমধ্যে উত্তরবঙ্গের দুটি জেলা বগুড়া ও রাজশাহীতে ১৩ লাখ শিশুর মধ্যে হামের টিকা দান করেছে। তাদের এই টিকাদান প্রকল্পে ওই এলাকার ৯৮ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হয়েছে।

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুরা যে কয়েকটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়, হামের অবস্থান তার মধ্যে পঞ্চম।

বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচীর আওতায় ৬৯ শাতাংশ শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখনও ৩০ শতাংশেরও বেশী শিশুকে এই মরণঘাতী রোগের টিকা দান সম্ভব হয়নি।

ইউনিসেফের মতে, বাংলাদেশে প্রতি বছর হামের কারণে ২০,০০০ শিশু মারা যায়।

এবারের সরকার পরিচালিত এ কার্যক্রমের আওতায় যেসব শিশু এখনও হামের টিকা গ্রহণের সুযোগ পায়নি তারা টিকা গ্রহণের জন্যে দ্বিতীয় বারের মতো সুযোগ পাবে।

এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। তিন সপ্তাহের এ অভিযানের সময় গণমাধ্যমে বিজ্ঞাপণ প্রচার, লিফলেট বিতরণসহ ঘরে ঘরে গিয়ে যোগাযোগের মাধ্যমে পিতামাতা ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা করা হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি লুই জর্জেস আর্সেনাল্ট বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ হাম নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে জোর দেন। শনিবার থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচী সফল করতে তিনি পিতা মাতা ও অভিবাবকদের সত:স্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের অন্যতম প্রধান বার্তা সংস্থা বিডিনিউজ এই কর্মসূচী সফল করতে প্রত্যক্ষভাবে অংশ নেবে। এজন্য ইতোমধ্যেই সংস্থার বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীদের নিয়ে ইউনিসেফের সহায়তায় একটি কর্মশালা আয়োজন করে। বিডিনিউজের সকল সাংবাদিক ইউনিসেফের সঙ্গে এই টিকাদান কর্মসূচী সফল করতে একযোগে কাজ করবে।

বাংলাদেশের তিন কোটি ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদানের জন্যে চার কোটি হামের টিকার ডোজ, চার কোটি একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ, চার কোটি পুনরায় ব্যবহারযোগ্য সিরিঞ্জ এবং দুই লাখ নিরাপদ বাক্স কেনা ও বিতরণ করা হয়েছে।