চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ৪, আহত ২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বঙ্গবাজার এলাকায় একটি পিকনিক-বাস উল্টে গেলে স্কুল ছাত্রীসহ কমপক্ষে চার জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে, নারায়ণহাট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুলতানা, বাসের হেলপার মোহাম্মদ মূসা, মাইক অপারেটর আবুল হাশেম এবং স্কুলের অজ্ঞাতনামা এক পিয়ন।
স্কুল ক্যাম্পাস থেকে প্রায় ৪৫ জন ছাত্রী, শিক্ষক ও কর্মচারী নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহত পাঁচজনকে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
