২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৩ ডাকাত ধৃত, আগ্নেয়াস্ত্র উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা গ্রামে বুধবার রাতে ডাকাতিকালে জনতা তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি সার্টার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আটককৃতরা হচ্ছে, আব্দুল গফফার সরদার (২৮), জামাল উদ্দিন সরদার (৩০) ও ষ্টার আলী (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে ৮/১০ জনের সশস্ত্র দলটি মাগুরঘোনা গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল খালেকের বাড়িতে ডাকাতিকালে ড্রয়ারে থাকা নগদ আট হাজার তিনশ’ টাকা নিয়ে নেয়। এরপর তারা খালেকের স্ত্রী বারী বেগমকে স্বর্ণালংকার বের করে দিতে বলে। কিন্তু স্বর্ণালংকার না দেয়ায় ডাকাতরা বারী বেগমকে মারধর করে এবং তাদের সাত বছরের ছেলেকে তুলে নিয়ে যেতে চায়। খালেক তখন চিৎকার করলে ডাকাতরা তার উপর গুলি চালায়।

গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা একটি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এসময় জনতা ধাওয়া করে তাদের তিনজনকে আটক করে।

পরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আহত মাছ ব্যবসায়ী খালেক ও তার স্ত্রী বারী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।