২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পাড়া সোনালী ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতে ৮জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এজাহার

দোহারের জয়পাড়া শাখা সোনালী ব্যাংক থেকে ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক নুরুল আমিনসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এজাহার দায়ের করেছেন কমিশনের পরিদর্শক জাহাঙ্গীর আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বুধবার দায়ের করা এজাহারে অভিযুক্তরা হলেন, জয়পাড়া শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নুরুল আমীন, সিনিয়র অফিসার ওমর আলী, আবদুর রাজ্জাক, কাজী আব্দুর রশিদ, আবদুল আলীম, শেখ নেয়াব আলী, শফিউদ্দিন এবং সুমন সাহা।

কমিশন সুত্র জানায়, কথিত মশিউর রহমান পূর্ব পরিকল্পিতভাবে নিজের নাম ঠিকানা গোপন রেখে ভুয়া নাম ব্যবহার করে বাংলাদেশ কৃষি ব্যাংক জয়পাড়া শাখায় চলিত হিসাব (ন-১৮০/৩) খোলেন। হিসাব খোলার সময় ভুয়া পরিচয়দানকারী মশিউরকে শনাক্ত করেন শাখার গ্রাহক আবদুল আলীম।

একইভাবে কথিত মশিউর নাম ঠিকানা গোপন রেখে ওয়ান ব্যাংক জয়পাড়া শাখায় চলতি হিসাব খোলেন যার নং ০০৫১৮২৭০০৭। ওই হিসাব খোলার সময় পরিচয়দানকারী হন শাখার গ্রাহক নেয়াব আলী।

অনুরূপভাবে মশিউর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হাসানাবাদ শাখায় মেসার্স মশিউর এন্টারপ্রাইজের নামে এবং ভুয়া ঠিকানা ব্যবহার করে চলতি হিসাব খোলেন এর পরিচয়দানকারী হিসেবে শাখার গ্রাহক আবদুল্লাহ।

পরবর্তীতে মশিউর রহমান মেসার্স মশিউর এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংক বান্দুরা শাখায় চলতি হিসাব খোলেন। ওই সময় তাকে শনাক্ত করেন শাখার গ্রাহক কাজী আবদুর রশিদ। একইভাবে মশিউর নিজের নাম-ঠিকানা গোপন রেখে খবিরউদ্দিন নাম ধারণ করে মার্কেন্টাইল ব্যাংকের জয়পাড়া শাখায় আরো একটি হিসাব খোলেন এবং তাকে শনাক্ত করেন শাখার গ্রাহক শফিউদ্দিন নামে এক ব্যক্তি।

কমিশনের পরিদর্শক জাহাঙ্গীর আলম তার প্রতিবেদনে উল্লেখ করেন, কথিত মশিউর রহমান-এর ঠিকানা এবং মশিউর এন্টারপ্রাইজ এর শনাক্তকারীদের ঠিকানায় ওই নামে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।

এজাহারে বলা হয়, কথিত মশিউর রহমান অসৎ উদ্দেশ্যে ব্যাংকের টাকা আত্মসাতের জন্যে প্রতারণার আশ্রয়ে সোনালী ব্যাংক কুষ্টিয়া জেলার ভেড়ামারা শাখার নাম ব্যবহার করে ৬৫টি ভুয়া ডিডি ও ভুয়া এডভাইস উল্লেখিত পাঁচটি ব্যাংকের চলতি হিসাবে জমা করে সোনালী ব্যাংক জয়পাড়া শাখা থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে।

অভিযুক্ত শাখার ব্যবস্থাপক নুরুল আমিন, সিনিয়র অফিসার ওমর আলী ও অফিসার আবদুর রাজ্জাক ব্যাংকের নিয়ম অমান্য করে ডিডি টেস্ট না করে মশিউর রহমানের সাথে যোগসাজসে ৬৫টি ডিডি পাস করে ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাত করে বলে উল্লেখ করেন।