পুলিশের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী; সমালোচনা করলেন সাবেক পুলিশ কর্মকর্তা
সাবেক পুলিশ কর্মকর্তা ও দাতাসংস্থার প্রতিনিধিরা যখন বৃহস্পতিবার এক কর্মশালায় অস্বচ্ছ ও সেকেলে বলে পুলিশ বিভাগের সমালোচনা করলেন তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের সাফল্য ও স্বচ্ছতার জন্যে প্রসংশা করলেন।
‘পুলিশে সংস্কার’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুলিশ বিভাগে আরও জবাবদিহিতা প্রয়োজন।
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ অধিদপ্তর (ডিএফআইডি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, আইজিপি আব্দুল কাইউম, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি ল্যারি ম্যারামিস, ডিএফআইডি বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা রিচার্ড মাইলস, সাবেক আইজিপি ও সংস্কার প্রকল্পের সমন্বয়কারী এওয়াইবিআই সিদ্দিকী, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ মহসিন এবং ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি ও গভরনেন্স গ্রুপের টিম লিডার নজিবুর রহমান।
লুৎফুজ্জামান বাবর বলেন, পুলিশ ও র্যাব অনেক সাফল্য অর্জন করেছে। আমি তাদের নিয়ে গর্বিত। তারা জঙ্গিবাদের মতো মৌলিক সমস্যা ও দেশব্যাপী বোমা হামলা প্রতিহত করেছে।
তিনি বলেন, অপকর্মের জন্যে ইতোমধ্যে বেশ কিছু পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে। পুলিশ বিভাগে যে সমস্যা রয়েছে তা রাতারাতি সমাধান করা যাবে না।
পুলিশ বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে- এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে তিনি এ অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন।
পুলিশ বিভাগের সংস্কার প্রকল্পের ব্যাপারে তিনি জানান, এতে করে সমাজ সরাসরি উপকৃত হবে।
পুলিশের আইজি আব্দুল কাইয়ুম বলেন, অনেক সমস্যা সত্ত্বেও পুলিশ বিভাগে অন্যান্য অনেক বিভাগের চেয়ে বেশি স্বচ্ছতা রয়েছে।
আইজিপি বলেন, পুলিশ বিভাগকে সম্পদের ঘাটতিসহ অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়।
পুলিশের দুর্নীতির ব্যাপারে কাইয়ুমকে প্রশ্ন করা হলে তিনি এজন্যে দারিদ্র্যকে অন্যতম কারণ বলে উল্লেখ করেন। এছাড়া অধিকাংশ পুলিশ সদস্যই আসে দরিদ্র পরিবার থেকে।
আইজিপি বলেন, প্রভাবশালী মহল থেকে অনেক সময়ই পুলিশকে দুর্নীতির জন্যে চাপ দেওয়া হয়।
পুলিশ বিভাগকে সেকেলে এবং অস্বচ্ছ হিসেবে উল্লেখ করে এওয়াইবিআই সিদ্দিকী বলেন, পুলিশ সদস্যরা নিজেরাই নিয়োগ, যোগদান ও বদলির সময় দুর্নীতির স্বীকার হয়।
তিনি সেকেলে পদ্ধতি, সহযোগিতার অভাব এবং দারিদ্র্যসহ আরও কিছু বিষয়কে দুর্নীতির কারণ বলে উল্লেখ করেন।
দাতাসংস্থার প্রতিনিধিরা জানান, সংস্কার প্রকল্পের জন্যে ১৪ মিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি নেয়া হয়েছে। এতে পুলিশ বিভাগের প্রতিষ্ঠানিক দক্ষতার উন্নয়নসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এ প্রকল্পের আওতায় সারা দেশে ১১টি মডেল থানা নির্মাণের কর্মসূচিও রয়েছে বলে সূত্র জানায়।
তিনটি পর্যায়ে এ প্রকল্পের কাজ শেষ হবে এবং আগামী এপ্রিল থেকে মডেল থানার কাজ শুরু হবে।
এছাড়া জাপান সরকারের অপর একটি প্রকল্পের আওতায় সারা দেশে পরবর্তীতে আরও ২৫টি মডেল থানার কাজ করা হবে।
