২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম প্রতিরোধে বিশ্বের সবচে বড় অভিযান বাংলাদেশে শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি থেকে

বাংলাদেশে হাম প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকা দান কর্মসূচি একযোগে সারা দেশে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুরা যে কয়েকটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়, হামের অবস্থান তার মধ্যে পঞ্চম।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানায়, আন্তর্জাতিক সহযোগী সংস্থার সহায়তায় বাংলাদেশ সরকার হাম প্রতিরোধে বিশ্বের সর্বকালের সবচে বড় টিকাদান (ভ্যাকসিনেশন) কর্মসূচি পরিচালনা করবে। এবারের কার্যক্রমের আওতায় তিন কোটি চল্লিশ লাখ শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে।

এই কর্মসূচি ১৬ মার্চ শেষ হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি লুই জর্জেস আর্সেনাল্ট বলেন, শিশুদের সুস্বাস্থ্যের জন্যে উপযোগী এবং তাদের কল্যাণ ও বেঁচে থাকার জন্যে বড় বেশি অবদান রাখে টিকার চেয়ে এমন জিনিস খুব কমই রয়েছে। শিশুর মৃত্যু অথবা প্রতিবন্ধী হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ এই হাম প্রতিরোধ করতে বাংলাদেশের এখনই লড়াই শুরু করা উচিত।

ইউনিসেফের মতে, বাংলাদেশে প্রতি বছর হামের কারণে ২০,০০০ শিশু মারা যায়। যদিও এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৭০ শতাংশকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়, সরকার পরিচালিত এ কার্যক্রমের আওতায় অনেক বেশি স্পর্শকাতর শিশুকে টিকা গ্রহণের সুযোগ সৃষ্টি করবে।

বিশ্ব শিশু সংস্থাটি বলেছে, বাংলাদেশের হামের বিরুদ্ধে পরিচালিত এই কার্যক্রম হবে বিশ্বের এ যাবৎকালের সবচে বড় অভিযান। এই কার্যক্রমে ৫০ হাজারের মত দক্ষ স্বাস্থ্যকর্মী ও ৭,৫০,০০০ স্বেচ্ছাসেবক অংশ নেবে।

বাংলাদেশের ৬২টি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশনে এ কার্যক্রম পরিচালিত হবে।

ইউনিসেফ বলেছে, জনস্বাস্থ্য প্রকল্পে এটাই বাংলাদেশে পরিচালিত সবচে বড় কার্যক্রম।

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের তিন কোটি ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদানের জন্যে চার কোটি হামের টিকার ডোজ, চার কোটি একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ, চার কোটি পুনরায় ব্যবহারযোগ্য সিরিঞ্জ এবং দুই লাখ নিরাপদ বাক্স কেনা ও বিতরণ করা হয়েছে।

ইউনিসেফ জানায়, এই কর্মসূচি সম্পর্কে সকলকে অবগত করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। তিন সপ্তাহের এ ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের মাধ্যমে বিজ্ঞাপণ, লিফলেট বিতরণসহ ঘরে ঘরে গিয়ে আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে পিতামাতা ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা করা হবে।

হামের এই টিকা দান কর্মসূচি থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু করেছে, যাতে তারা নির্দিষ্ট দিনে তাদের শিশুকে নিকটস্থ টিকা দান কেন্দ্রে নিয়ে আসে।

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা শিশুদের নিকটস্থ টিকা প্রদান কেন্দ্রে নিয়ে এসে হামের টিকা গ্রহণ করার জন্যে রাজধানীবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।