২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের প্রাইমেট-এর সম্মাননা

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অনন্য প্রতিষ্ঠান প্রাইমেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ন এর এক হাজারেরও বেশি মেধাবী ছাত্র-ছাত্রীকে মঙ্গলবার সম্বর্ধনা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির পরিচালক এবং আমেরিকান চেম্বার এর প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম কৃতি ছাত্র- ছাত্রীদের মধ্যে সনদ, উপহার ও ক্রেস্ট প্রদান করেন।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্রী মোস্তাকীম মারিয়া সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয়, হলিক্রস কলেজের ছাত্রী ফারিয়া বিনতে হোসেন তৃতীয় এবং একই কলেজের মারসিয়া মেহনাজ সিথী চতুর্থ স্থান দখল করেন। ফারিয়া বিনতে হোসেন এমসিকিউ লিখিত পরীক্ষায় ১০০ এর মধ্যে ৯৪ নম্বর পেয়ে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন।

এ বছর ১৩টি মেডিকেল কলেজের ১,৯৬০ টি আসনের জন্য ২৩,০০০ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ১,৯৬০ আসনের মধ্যে ১,২০০ টিই পেয়েছে প্রাইমেটের শিক্ষার্থীরা। চলতি বছর ভর্তি পরীক্ষায় প্রাইমেটের সাফল্যের হার মোট আসনের ৬৫ শতাংশ। ঢাকা মেডিকেল কলেজে ১২০ টি আসন সহ প্রাইমেটের শিক্ষার্থীরা মেধাতালিকার ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম, ৯ম, ১১তম, ১২তম, ১৪তম, ১৫তম স্থান দখল করে।

সম্বর্ধনা অনুষ্ঠানে ১,০০০ এর অধিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাইমেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আফতাব উল ইসলাম বলেন, সম্বর্ধনার মাধ্যমে এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলে তারা স্বাস্থ্য খাতে তাদের ক্যারিয়ার গড়তে উৎসাহ পাবে।

তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় এবং বেসরকারি খাতে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্ব দেওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য খাত অনেক অগ্রগতি লাভ করেছে। “তোমরাই আগামী দিনের দেশের কর্ণধার।”

এর আগে প্রাইমেটের চেয়ারম্যান ডাঃ মোঃ সাইফুল ইসলাম পারভেজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রাইমেট এমন ভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয় যাতে তারা অত্যন্ত প্রতিদ্বন্দিতাপূর্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন।

চারজন পেশাদার ডাক্তার প্রাইমেট প্রোগ্রামের পাঠ্যসূচি পরিকল্পনা ও কোর্স পরিচালনা করেন। ২০০০ সালে যাত্রা শুরুর পর প্রাইমেট প্রোগ্রামের শিক্ষার্থীরা পর পর চার বছর মেধা তালিকার শীর্ষস্থান দখল করেন। ঢাকায় দু’টি এবং অন্যান্য জেলা শহরে ১৬ টি শাখার মাধ্যমে প্রাইমেট এর কার্যক্রম পরিচালনা করে।

প্রাইমেটের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ টিটো এবং পরিচালক ডাঃ সামি ও ডাঃ জহিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।