ঝালকাঠিতে ২ বিচারক হত্যা: শায়খ ও বাংলা ভাইয়ের যাবজ্জীবন
ঝালকাঠিতে দুবিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার বাকী অংশের রায়ে শীর্ষ স্থানীয় জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন এ রায় প্রদান করেন।
মামলার রায়ে ওই দুজন ছাড়াও দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে: মোল্লা ওমর, আমজাদ হোসেন ওরফে খালিদ সাইফুল্লাহ। দণ্ডপ্রাপ্ত সকল আসামী পলাতক রয়েছে।
৯ ফেব্রুয়ারি এই মামলার একাংশের রায়ে শায়খ আব্দুর রহমানের ভাই ও জেএমবির সামরিক প্রধান আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল এবং ঝালকাঠিতে বোমা হামলাকারী মামুনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
গত বছরের ১৪ নভেম্বর জঙ্গি বোমা হামলায় ঝালকাঠির দুবিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হয়।
এ ঘটনায় বিচারকদের গাড়ির চালক সুলতান বাদী হয়ে জেলার সদর থানায় একটি হত্যা এবং আরেকটি বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করে।
হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে।
