ড. তাহের হত্যাকান্ডের প্রধান আসামি ড. মহিউদ্দীনকে জেল হাজতে প্রেরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহের হত্যাকান্ডের প্রধান আসামি ড. মহিউদ্দীনকে ১২ দিনের রিমান্ড শেষে রোববার বিকেল ৩টায় জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তারের দিন থেকেই রাজশাহী মহানগর পুলিশের তদন্ত বিভাগ ড. মহিউদ্দীনকে প্রথমে ৬ দিন ও পরবর্তীতে আরো ৬ দিন রিমান্ডে রাখে।
সূত্র জানায়, রিমান্ডে রাবি’র ভূতত্ত ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. এস তাহের হত্যা মামলায় ড. মহিউদ্দীন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন এবং কারণ ব্যাখ্যা করেন। তদন্তকারী বিভাগের সূত্র জানায়, ড. মিয়া মো: মহিউদ্দীনের পদোন্নতির কারণে ড. তাহেরকে ভাড়া করা খুনী দিয়ে হত্যা করা হয়।
অন্য আসামীদের মধ্যে তিন নিরাপত্তা রক্ষী জাহাঙ্গীর, নাজমুল ও সালামের রিমান্ডের পর ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হলেও ড. মহিউদ্দীনকে তা করা হয়নি। অপর আসামী শিবির নেতা সালেহীকে গ্রেপ্তার করা গেলেই মামলার চার্জশীট দাখিল করা হবে বলে সূত্র জানায়।
হত্যার কারণ ও হত্যাকারী কারা তা নিশ্চিত হওয়া গেছে বিধায় চার্জশীট দিতে বিলম্ব করা হবে না বলে পুলিশ জানিয়েছে।
