জাঁকজমকের সাথে স্বাধীনতা দিবস পালন করবে সরকার
সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোরম কুচকাওয়াজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশাল জাঁকজমকের সাথে সরকার এবার স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠান বেতার, টেলিভিশন এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানের এলসিডির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়া, স্বাধীনতা দিবসের কর্মসূচিকে আকর্ষণীয় করে তুলতে ওই দিন ট্রাক শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ৩৫ বছরের গুরুত্বপূর্ণ অর্জনগুলো নগরবাসীদের সামনে তুলে ধরা হবে।
দিনটি পালনে ট্রাক শোভাযাত্রা আয়োজনের ব্যাপারে ইতোমধ্যেই সকল মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দিবস উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে রোববার এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশের মহাপরিদর্শক ও কমিশনাররা এবং বিডিআর, আনসার ও কোস্টগার্ডের মহাপরিচালকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি সফল করতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ সফল করতে ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো কুচকাওয়াজ সফল করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
এর আগে ১৬ জানুয়ারি স্বাধীনতা দিবসে জেএমবি বা জঙ্গিদের হামলার হুমকির ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, এ ধরনের হুমকির ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই।
বৈঠক সূত্র জানায়, কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য কেবল সেনাবাহিনীকেই দুই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বৈঠক সূত্র আরও জানান, সরকার ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে তা থেকে ধারনা নিয়ে অনুষ্ঠান সাজাবে।
বৈঠক সূত্র জানায়, এর আগে ১৯৭৭-৭৮ সালের স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় সরকারের সাফল্য তুলে ধরার জন্য ট্রাক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সে সময়ের ভিডিও ফুটেজগুলোও এবার পর্যালোচনা করে দেখা হবে।
