নিহত সাংবাদিক গৌতমের পরিবারকে এক লাখ টাকা দিলেন খাদ্যমন্ত্রী
ফরিদপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক গৌতম দাসের পরিবারকে এক লাখ টাকা সহায়তা প্রদান করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
মন্ত্রী রোববার দুপুরে গৌতম দাসের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদীতে যান। সাংবাদিক গৌতমের মা যতীরানী দাস এবং বাবা বলরাম দাসের হাতে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সহায়তার টাকা তুলে দেন।
এর আগে মন্ত্রী সাংবাদিক গৌতম দাসের স্মরণে নির্মিতব্য স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর ফলক এবং গৌতমের নামে একটি সড়কের নামফলক উন্মোচন করেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস তার নিজ কক্ষে সন্ত্রাসীদের হাতে নিহত হন।
