মুহাম্মদ (সঃ) এর উপর শিক্ষা কর্মসূচির সূচনা করবে মার্কিন মুসলিম সংগঠন
ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশের পত্রপত্রিকায় মুহাম্মদ (সঃ) এর বিতর্কিত ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপার প্রেক্ষিতে জনসাধারণকে মহানবীর জীবন সম্পর্কে অবগত করতে একটি মার্কিন মুসলিম সুশীল সংগঠন যুক্তরাষ্ট্র ও কানাডায় শিক্ষা কর্মসূচির সূচনা করতে যাচ্ছে।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের (কেয়ার) কার্যনির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ ওয়াশিংটনে বলেন, ভুল বোঝাবুঝি ও সংঘাতময় পরিস্থিতিকে আমরা মুহাম্মদ (সঃ) সম্পর্কে শিক্ষা প্রদান ও তার সম্পর্কে জানার সুযোগ হিসেবে রূপান্তরিত করতে চাই।
আওয়াদ জানান, কেয়ার এবং কানাডায় কেয়ারের স্বাধীন অঙ্গপ্রতিষ্ঠান কেয়ার-ক্যান মুহাম্মদ (সঃ) এর জীবন ও তার প্রদত্ত শিক্ষা মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে বিনামূল্যে বই এবং প্রামাণ্যচিত্র বিতরণ করছে।
কেয়ারের শিক্ষা সরঞ্জামাদি ব্যবহার করে মুসলিম ও অমুসলিমদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে মুসলিম সম্প্রদায় জনসভা, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা এবং আন্তঃধর্মীয় সমাবেশের আয়োজন করতে পারবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
