২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার তারকা পেনিনসুলা হোটেলের কার্যক্রম শুরু

বন্দর নগরী চট্টগ্রামে ‘পেনিনসুলা চট্টগ্রাম’ নামে আরো একটি চার তারকা হোটেল কার্যক্রম শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে শুক্রবার রাতে হোটেলটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেলের চেয়ারম্যান ড. গোলাম আরশাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও হোটেলের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার এ এস এম সাহাবুদ্দিন।

সিটি মেয়র তার উদ্বোধনী ভাষণে বলেন, চট্টগ্রামে অবকাঠামোগতভাবে অনেক সুবিধা ও সম্পদ থাকা সত্ত্বেও সরকার তার যথাযথ ব্যবহার করছে না।

মহিউদ্দিন চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ব্যবসায়িক, বিনোয়োগ এবং পর্যটন শিল্পে উন্নয়নের জন্যে রাজনৈতিকভাবে উদার মনোভাব নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে।

চট্টগ্রামের ঐতিহ্যের সাথে মিল রেখে ১৪ তলা ভবনের সাজসজ্জায় স্থানীয় নৌযান সাম্পান ব্যবহার করা হয়েছে।