ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ২৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কীতে শনিবার ভোরে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (গাজীপুর-ট-০২-০০৮১) ৪০ জন দিনমজুর নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে জামুর্কীর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে বস্তার নিচে চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে গাইবান্ধার ভোলা (৩০), আওয়াল (২২) ও বগুড়ার শিবগঞ্জের সালজার মিয়া (৪৫)।
