২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজ’এ কর্মচারি নিয়োগ না দিয়েই বহু বছর ধরে বেতনের টাকা উত্তোলন!

সরকারের সড়ক ও জনপথবিভাগ (সওজ) কর্মচারি নিয়োগ না দিয়েই বছরের পর বছর মাস্টার- রোলের কর্মচারিদের নামে বেতন-ভাতা খাতে টাকা উত্তোলন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

অনুসন্ধানে জানা যায়, এ ঘটনায় ক্ষুব্ধ অর্থ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, সওজ যেনো মাস্টার-রোল কর্মচারিদের বেতন পরিশোধ না করে।

উপরন্তু অভিযোগ উঠেছে, গত তিন মাসেও সওজ অর্থ মন্ত্রণালয়ের ওই নির্দেশ বাস্তবায়ন করেনি।

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, সওজ যেনো ১৯৮৮ সালের মে মাসের পর মাস্টার- রোল খাতে কোনো কর্মচারিকে বেতন-ভাতা পরিশোধ না করে। একই আদেশে সওজ'কে বলা হয়, চলতি বছরের ৩০ জুনের মধ্যে ওয়ার্কচার্জড কর্মচারিদের নিয়মিত করণের বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করতে।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের ওই নির্দেশ এখনো বাস্তবায়ন হয়নি। সওজ’র ছয়জন নির্বাহী প্রকৌশলীর অফিসে এখনো শতাধিক মাস্টার-রোল কর্মচারির নামে বেতন তোলা হচ্ছে। সারাদেশে এর সংখ্যা কয়েক হাজার। উপরন্তু মাস্টার- রোল কর্মচারিদের নামে প্রতিবছর রাজস্ব খাত থেকে কোটি কোটি ব্যয় দেখানো হচ্ছে।