২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে খৃস্টান পল্লী থেকে মুসলামান, খৃস্টান সকলকেই উচ্ছেদ

সাভারের মিটন কৃষ্ণপুর গ্রামের খাস জমির লিজ পাওয়া ব্যক্তির দখল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় খৃস্টান পল্লী থেকে বৃহস্পতিবার মুসলমান ও খৃস্টান উভয় সম্প্রদায়ের লোককেই উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

স্থানীয় প্রশাসনের সহায়তায় ঢাকা রেঞ্জের কয়েকশ’ পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় ভাড়াটে লোকজন অভিযানে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এর আগে ১০ অক্টোবর খৃস্টান পল্লীতে দীর্ঘদিন ধরে বসবাস করা লোকদের উচ্ছেদের চেষ্টা করা হলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। সেসময় এ ঘটনায় ৫০ জন আহত হয়।

এরপর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। গ্রেপ্তারের ভয়ে পুরুষরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর লোকজন যাতে আবা ফিরে আসতে না পারে সেজন্যে ঘটনাস্থলে বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার খৃস্টান পল্লীর বিতর্কিত ৯ দশমিক ৮৯ একর জমি মির্জা হাফিজুর রহমানের মালিকানাধীন বাংলাদেশ-থাই মাল্টিপল এগ্রো ফিশারিজ প্রাইভেট লিমিটেডকে লিজ দেয়।

জমিটি অর্কিড চাষ ও হ্যাচারি স্থাপনে ব্যবহার করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খৃস্টান পল্লীটি দখল করে এর চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের সময় সাভার পৌর কমিশনার আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সার্কের এএসপি সাইদুর রহমান খান ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উচ্ছেদকৃত খোদেজা বেগম (৫০) বলেন, তার স্বামী নুরুল হকের পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

তিনি অভিযোগ করেন যে, পুলিশ তা স্বামীকে জেএমবি বলে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। তিনি এখন জেলে রয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করে যে, বাংলাদেশ-থাই মাল্টিপল এগ্রো ফিশারিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ নিয়ে পুলিশ এলকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি করে আসছিল এবং প্রায়ই খৃস্টান পল্লীতে অভিযান চালাতো।

ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিলি রোজারিও অভিযোগ করেন যে, পুলিশ তাদের বাড়িঘরে প্রায় প্রতিদিনই অভিযান চালাতো এবং কোনও পুরুষ লোককে পেলে ধরে নিয়ে যেত।

গ্রেপ্তার এড়াতে এলাকাটি দীর্ঘদিন ধরে পুরুষ শূন্য ছিল বলে তিনি জানান।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বলেন, তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে অবৈধ দখলদারদের কাছ থেকে ভূমি উদ্ধার করেছেন।

মির্জা হাফিজুর রহমানের ছোট ভাই মির্জা নুরুল ইসলাম বিডিনিউজকে বলেন, সেখানে অর্কিড চাষ এবং হ্যাচারি স্থাপন করা হবে।

ভূমি দখল সংক্রান্ত একটি মামলা এখনও অমীমাংসিত রয়েছে বলে উচ্ছেদকৃত লোকজন দাবি করে।

উচ্ছেদকৃত লোকজন অভিযোগ করে যে, হাফিজুর রহমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দুঃসম্পর্কের চাচাতো ভাই।