শুক্রবার বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব
বান্দরবানের শত বছরের পুরনো বোমাং রাজপুণ্যাহ শুক্রবার অনুষ্ঠিত হবে।
রাজবাড়ি সূত্রে জানা গেছে, রাজপুণ্যাহ উপলক্ষে তিন দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হলেও প্রতিকূল পরিস্থিতি, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও সংস্কৃতি অনুষ্ঠানগুলো মৌলবাদী গ্রুপগুলোর টার্গেটে পরিণত হওয়ায় এবারের রাজপুণ্যাহ লোকজ মেলা ও উৎসব বাতিল করা হয়েছে।
রাজবাড়ির মুখপাত্র যুবরাজ চ হা প্রু জিমি জানায়, শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাজা মং শৈ প্রু চৌধুরী তার আওতাধীন ১০৯ টি মৌজার হেডম্যান, কার্বরী ও প্রজা সাধারণের কাছ থেকে জুম কর ও ভূূমি কর আদায় করবেন।
পরদিন ১৮ ফেব্রুয়ারি রাজা হেডম্যান ও কার্বরীদের সাথে বৈঠক ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে রাজপুণ্যাহ’র আনুষ্ঠানিক সমাপ্তি করবেন।
স্থানীয় প্রবীণরা জানান, এখানকার আদিবাসীরা সারা বছর এ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে। রাজপূণ্যাহ এ অঞ্চলের পাহাড়ি-বাঙালির মিলন মেলা।
