পাবনা ও ঝিনাইদহে ২ চরমপন্থি নিহত
ঝিনাইদহে র্যাবের ক্রসফায়ারে একজন এবং পাবনায় বিরোধীদের হাতে অপর এক চরমপন্থি নিহত হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভেড়াখলীতে র্যাবের সাথে ক্রসফায়ারে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির এক শীর্ষনেতা শহীদুল ইসলাম (৩৫) নিহত হয়।
র্যাব সূত্র জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।
র্যার-৬ এর একটি দল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে এবং পরে তার স্বীকারোক্তি অনুসারে তার সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্রশস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাকে নিয়ে হরিণাকুণ্ড উপজেলার ভেড়াখালী গ্রামে যায়।
র্যাব জানায়, গ্রামে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা শহীদুলের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে শহীদুল নিহত হয়।
অন্যদিকে পাবনার চাটমোহর উপজেলার ধানুয়াঘাটা বাজারে চরমপন্থি নেতা সেলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রকিবুল ইসলাম রকিবের লাশ (৩৫) পাবনার আতাইকুলা থানার ইসলামপুর থেকে উদ্ধার করা হয়েছে। গ্রামের একটি চা স্টলে বিরোধী চরমপন্থি গ্রুপের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
