২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যের বাসভবন থেকে গৃহপরিচিকার লাশ উদ্ধার

র‌্যাব-৩ এর ক্যাপ্টেন জয়নুল আবেদীনের ক্যান্টনমেন্টের বাসভবন থেকে মঙ্গলবার রাতে কিশোরী গৃহপরিচিকার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রেহানা বেগম (১৫) ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার হোসাইন মিয়ার কন্যা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহতের পরিবার, এলাকাবাসি এবং মানবাধিকার সংগঠনের কর্মীরা অভিযোগ করেন ক্যাপ্টেন জয়নূল আবেদীনের পরিবারের কোন সদস্য নির্যাতনের পর তাকে হত্যা করে এবং ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের জন্য লাশ বাথরুমের পাইপের সাথে ঝুলিয়ে রাখে।

ক্যাপ্টেন জয়নূল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে যে কোন সময় বালিকাটি তার বাসার বাথরুমের পাইপে ঝুলে আত্মহত্যা করে।

মানবাধিকার সংগঠনের সদস্য এবং আনসার ভিডিপি সদস্য নুরজাহান বেগম বিডিনিউজকে বলেন, মেয়েটির মৃতদেহ আমি বিস্তারিতভাবে পরীক্ষা করে দেখে, তার গোপণাঙ্গসহ দেহের বেশ কয়েকটি স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পেয়েছি।

ক্যাপ্টেন ও তার পরিবারের সদস্যরা নির্মম হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে বলেও নূরজাহান বেগম অভিযোগ করেন।

তিনি আরো বলেন ক্যাপ্টেন জয়নূল ক্যান্টনমেন্ট এলাকার ৯৪/১০/জিজিএসএন নং বাসভবনে তার শাশুড়ি ও দুই শ্যালককে নিয়ে বসবাস করেন, যেখানে গৃহপরিচিকা রেহানা বেগম গত আট মাস ধরে কাজ করে আসছিল।

মানবাধিকার কর্মী আরো অভিযোগ করেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে যান এবং বেশ কয়েকটি স্থানে রক্তের দাগ দেখতে পান।

নিহতের বোন জাহানারা বেগম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যের একটি দল ভাষানটেকে তাদের বস্তিতে হাজির হয়ে তার চাচাতো ভাই মামুনকে ক্যাপ্টেন জয়নূল আবেদীনের বাসভবনে নিয়ে যায়।

জাহানারা বলেন, ‘র‌্যাব সদস্যরা আমার চাচাতো ভাই মামুনকে বলে, রেহানা আত্মহত্যা করেছে।’

তিনি আরো বলেন, ক্যাপ্টেন জয়নালের স্ত্রী জান্নাত আরা সামান্য বিষয়েও রেহানার উপর নির্যাতন চালাতেন।

ক্যাপ্টেন জয়নূল আবেদীন বলেন, আমরা যখন মৃতদেহ ঝোলানো অবস্থায় পাই, তখন তার পরিবারের সদস্যদের খবর দিই এবং মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।