স্টেটসম্যান পত্রিকার রিপোর্ট: বাংলাদেশে প্রতি ৫৪ মিনিটে ধর্ষিতা হন কোনও না কোনও সংখ্যালঘু
কলকাতায় অনুষ্ঠিত একটি সম্মেলনের উদ্ধৃতি দিয়ে স্টেটসম্যান পত্রিকা সোমবার জানিয়েছে, প্রতি ৫৪ মিনিটেরও কম সময়ে বাংলাদেশে ধর্ষণের শিকার হন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও না কোনও নারী।
কলকাতাভিত্তিক বাংলা দৈনিক স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সমস্যা নিয়ে ক্যাম্পেইন অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটিস অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ (ক্যাম্ব) আয়োজিত শেষ দিনের আলোচনায় এ চিত্র স্পষ্ট হল।’
কলকাতা অনুষ্ঠিত দু দিনব্যাপী সম্মেলনটি রোববার শেষ হয়েছে। শেষদিনের আলোচনায় দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে উপস্থিত মানবাধিকার কর্মীদের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবেশি দেশের সাহায্যে ভারত যদি বাংলাদেশের ওপর চাপ না দেয় তাহলে সেখানকার হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের বাঁচার আর কোনও আশা থাকবে না।
স্টেটসম্যান বাংলার তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এ সন্ত্রাস চরম রূপ ধারণ করেছে।’
প্রতিবদেনে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকার এ ধরনের সন্ত্রাসের ব্যাপারে আশ্চর্যরকম উদাসীন।
এতে আরও বলা হয়, ভারত সরকারও এ সমস্যাটি এড়িয়ে যাচ্ছে।
