২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে বিভাগীয় জজের প্রতি হাইকোর্টের রুল

ঢাকার বিভাগীয় বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর বিচার কার্যক্রমের ওপর হাইকোর্ট সোমবার দু’সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ক্ষমতাসীন বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডে ওই জজের সংশ্লিষ্টতার অভিযোগে এই রুল জারি করা হয়।

রেজাউল করিম খান চুন্নুর অসদাচরণের অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না ? এর জবাব চেয়ে হাইকোর্ট সরকারের প্রতিও কারণ দর্শানোর রুল জারি করেছে। দু’সপ্তাহের মধ্যে এর জবাব চাওয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাড. খায়রুল আলমের জনস্বার্থের মামলা হিসেবে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচাপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরা’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম এবং অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

আইন মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং রেজাউল করিম খান চুন্নুকে পিটিশনে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

ঢাকা বিভাগীয় স্পেশাল জজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে দাখিল করা রিট পিটিশনে বলা হয়, রেজাউল করিম খান চুন্নু ইদানিং কিশোরগঞ্জে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নিজেকে আসন্ন সাধারণ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন।

এর আগে কিশোরগঞ্জের কলেজ শিক্ষক এবং আওয়ামী লীগ নেতা শরীফ আহমেদ সাদি ২০০৫ সালের ১৬ আগস্ট বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে ওই বিচারকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ৩ আগস্ট সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের কাছে তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছিল।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনকে ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।