বায়ু মানমাত্রা উন্নয়নের লক্ষ্যে মোটরযান এর বায়ুদূষণ রোড ম্যাপ প্রণয়ন
মোটরযানের ক্ষতিকারক বায়ুদূষণ থেকে জনস্বাস্থ্য রক্ষায় ও বায়ুমান উন্নয়নের লক্ষ্যে সরকার প্রথমবারের মতো পরিবেষ্টক বায়ূমানমাত্রা চালু করে বায়ুদূষণ রোধে মোটরযান নি:সরণ কমানোর রোড ম্যাপ প্রণয়ন করেছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত নতুন এবং আমদানীকৃত রিকন্ডিশন পেট্রোল, ডিজেল ও গ্যাস ইঞ্জিন চালিত মোটরযানের ক্ষেত্রে এ মানমাত্রা প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পরিবেশ সংরক্ষন বিধিমালা ১৯৯৭ এর সংশোধন পূর্বক তফসিল-২ এবং তফসিল-৬ এর স্থলে পরিবেষ্টক বায়ুমানমাত্রা এবং মোটরযান নি:সরণ মানমাত্রা প্রণয়ন করেছে।
মোটরযান নি:সরণ মাত্রা কার্যকর করার জন্যে যে রোড ম্যাপ করা হয়েছে তার আওতায় কালো ধোঁয়া পরীক্ষাকালে ১ সেপ্টেম্বর, ২০০৪ এর পূর্বে রেজিস্ট্রেশনকৃত ডিজেল চালিত বাসের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮০ এইচ.এস.ইউ নি:সরণমাত্রা গ্রহণযোগ্য হবে। এরপর ২০০৮ এর ডিসেম্বর পর্যন্ত ৭০ এবং ২০০৯ এর ডিসেম্বর পর্যন্ত ৬৫ এইচ.এস.ইউ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
অনুরূপভাবে, ডিজেল চালিত ট্রাক ও অন্যান্য যানের ক্ষেত্রে এই নি:সরণ মানমাত্রা ২০০৬, ২০০৮ ও ২০০৯ সাল পর্যন্ত যথাক্রমে ৯০, ৮০, ও ৬৫ এইচ.এস.ইউ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ সেপ্টেম্বর ২০০৪ এর পর রেজিস্ট্রেশনকৃত ন্যাচারালি অ্যাসপিরিটেড ও টার্বোচার্জযুক্ত ডিজেল চালিত মোটরযানের ক্ষেত্রে এ মানমাত্রা যথাক্রমে ৬৫ ও ৭২ এইচ.এস.ইউ হবে।
দেশে তৈরী ও আমদানীজাত ডিজেল ইঞ্জিনের সব ধরণের নতুন ও রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে ইউরো-১ মানমাত্রা কার্যকর হবে এবং পেট্রোল ও গ্যাস চালিত মোটরযানের ক্ষেত্রে -২ কার্যকর হবে।
সরকার আশা করছে, সংশ্লিষ্ট মোটরযান মালিকগণ এ মানমাত্রা বজায় রেখে জনস্বাস্থের জন্যে ক্ষতিকর বায়ু দূষণ রক্ষায় সহযোগিতা করবে।
