সাংবাদিক বেলাল হত্যা মামলার বিচারকাজ দ্রুত বিচার আদালতে করতে হবে: ১ম মৃত্যুবার্ষিকীতে দাবি
খুলনায় সাংবাদিক বেলাল হত্যা মামলাটি দ্রুত বিচার আদালতে নিস্পত্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ বেলাল উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে শনিবার এ দাবি জানানো হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিক বেলাল হত্যা মামলার কয়েকজন আসামি ধরা পড়লেও বিচার কাজ বিলম্বিত হচ্ছে। এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে চিহ্নিত হলেও অজ্ঞাত কারণে তা দ্রুত নিস্পত্তি হচ্ছেনা।
স্মারকলিপিতে মামলাটির বিচারকাজ দ্রুত বিচার আদালতের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানানো হয়।
কেএমপির ডেপুটি কমিশনার (সদর) এম আকবর আলীর কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বিএফইউজের সিনিয়র সহ সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
এর আগে রায়ের মহলের পারিবারিক গোরস্থানে সাংবাদিক বেলাল উদ্দিনের কবর জিয়ারত করা হয়। দুপুরে খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত বছর ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে বোমা হামলায় সাংবাদিক শেখ বেলাল উদ্দিন গুরুতর আহত হন। ৬ ফেব্রুয়ারি তাকে ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ১১ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।
