২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রোববার পাকিস্তান যাচ্ছেন

প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রোববার দুপুরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চারটি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন।

কৃষি সহায়তা, পর্যটন বৃদ্ধি, দেশ দু’টির রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে সহযোগিতা এবং ওজন ও পরিমাপের মান বিষয়ে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

একজন পাকিস্তানি কর্মকর্তাকে উদ্ধৃত করে সেদেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দ্য ডন জানায়, খালেদা জিয়ার সফরকালে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্যে ভিসা ব্যবস্থা তুলে দেওয়ার ব্যাপারে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ঢাকায় সাংবাদিকদের বলেন, কৃষি, পর্যটন ও রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে।

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং কৃষি মন্ত্রী এমকে আনোয়ারসহ ৪৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এছাড়াও এ প্রতিনিধিদলে সংসদ সদস্য, আমলা এবং ৩২ জন ব্যবসায়িক নেতৃবৃন্দ অন্তুর্ভুক্ত থাকবেন।

১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যেকার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, পর্যটন, যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে।

সরকারি আলোচনার আগে দু’দেশের প্রধানমন্ত্রী একটি একান্ত বৈঠক করবেন।

দ্বিপাক্ষিক আলোচনাকালে পাকিস্তানি বাজারে নয়টি ক্যাটাগরিতে ৭৩টি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টিও প্রাধান্য পাবে।

দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে ইসলামাবাদ এগিয়ে রয়েছে। ২০০৪-০৫ অর্থবছরে পাকিস্তান বাংলাদেশে ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে, অন্যদিকে বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র ৬৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। এদিকে ২০০৩-০৪ সালে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে মাত্র ৪৫ মিলিয়ন ডলারের পণ্য। এর বিপরীতে আমাদানি করে ১১২ মিলিয়ন ডলারের পণ্য।

প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ নির্ধারিত সময়ে সাফটা বাস্তবায়নের জন্যে পাকিস্তানকে অনুরোধ জানাবে।

এছাড়াও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি এবং বাংলাদেশের প্রাপ্য সম্পত্তির বিষয়টি তুলে ধরবে ঢাকা।

গত ১৩ বছরে এটিই হবে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলের প্রথম পাকিস্তান সফর। তবে ২০০২ সালে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ সফরে এসেছিলেন।

তবে মূল আলোচনার পাশাপাশি উভয় দেশের নেতৃবৃন্দ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০০৪ সালের জানুয়ারিতে ১২তম সার্ক সম্মেলনে যোগদানের উদ্দেশে সর্বশেষ পাকিস্তান সফর করেন। অপরদিকে ১৩তম সার্ক সম্মেলনে যোগ দেওয়ার জন্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ২০০৫ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে আসেন।

সার্ক চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন। পরের দিন মঙ্গলবার বেগম জিয়া তার সম্মানে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দেওয়া এক মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।

সফরকালে খালেদা জিয়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের একটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ও অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বেগম জিয়ার সঙ্গে পাকিস্তানের সিনেট চেয়ারম্যানের দেখা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরকালে পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেবেন।