কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য ক্লোজ
কুড়িগ্রাম জেলার রাজিবপুরে বিয়ে বাড়িতে ভূয়া র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতার চাপে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ বিশ্বাস চাঁদার আংশিক টাকা পরিশোধ করতে বাধ্য হন।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে বারোটার দিকে রাজিবপুর সদরের মিয়া পাড়া গ্রামের ফুল বেওয়ার মেয়ের সাথে পাশ্ববর্তী জামালপুর গ্রামের খোরশেদ আলমের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের সদস্য দেলোয়ার এবং রাজিবপুর থানার ক্যাশিয়ার রফিক ভূয়া র্যাব সদস্য পরিচয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা না দেওয়া হলে তারা বর খোরশেদ আলমকে জেএমবি সদস্য পরিচয়ে গ্রেপ্তার এবং বিয়ে ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়।
দরিদ্র ফুল বেওয়া তাদের দাবী অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৭২০০ টাকা দিয়ে দেয়। পুরো টাকা নেওয়ার জন্য পরদিন ওই দুই পুলিশ সদস্য আবার বিয়েবাড়িতে হাজির হলে জনতা ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ করে। থানা এ অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করে। বিষয়টি কুড়গ্রাম পুলিশ সুপার শেখ মিজানুর রহমানকে জানানো হলে বৃহস্পতিবার ওই দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
