২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহ’র আইন প্রতিষ্ঠা করতে দেশে বোমা হামলা চালিয়েছি: ১৬৪ ধারায় জবানবন্দিতে জেএমবি কমান্ডার আউয়াল ও সামরিক কমান্ডার সানি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর উত্তরাঞ্চলীয় কমান্ডার ও সংগঠনটির প্রধান শায়খ আবদুর রহমানের জামাতা আব্দুল আউয়াল ও জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি বুধবার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আউয়াল জানিয়েছে, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের বাঁচাতেই আমরা জেহাদের ডাক দেই। আমরা মানুষের তৈরি আইনকে পরাজিত করে আল্লাহ’র আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ আগস্ট এবং তার পরে দেশের আদালত এবং অন্যত্র বোমা হামলা চালিয়েছি।

এদিকে বুধবারই দেয়া অপর এক জবানবন্দিতে দেয়া শায়খ আব্দুর রহমানের ছোট ভাই ও জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি তার জীবন, জেএমবি’র সাথে সম্পৃক্ততা, জেএমবি’র বিভিন্ন অপারেশন, হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বুধবার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জেএমবি’র সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আব্দুল আউয়াল (৩০) এ কথা জানায়।

বুধবার মহানগর হাকিম শফিক আনোয়ার দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আউয়ালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

বেলা ১১টার দিকে আউয়ালকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট তাকে নিয়ম অনুযায়ী, সে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে কি দেবে না এ ব্যাপারে ভাবার সময় দেন।

জবানবন্দিতে আউয়াল জানায়, যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় লেখাপড়া করার সময় শায়খ আবদুর রহমানের সাথে তার পরিচয় হয়। সে জেএমবি’র মজলিসে শুরার একজন সদস্য।

আউয়াল বলে, সারা বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে, তার বিহিত করার, জন্যে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের নেতৃত্বে তারা জেহাদের ডাক দেয়। বোমা হামলার ঘটনাগুলো ঘটার অনেক আগে থেকেই লন্ডন থেকে অন্য একজন আবদুর রহমান তার কাছে ১০ হাজার পাউন্ড পাঠায়। সে অর্থ অস্ত্র ও সরঞ্জাম কিনতে ব্যয় করা হয় বলে সে জানায়।

আউয়াল বলে, জেএমবি’র আহ্বান সরকার না মানলে এবং তাদেরকে উল্টো হয়রানি করার ফলে তারা সরকার হঠানোর জন্যে পরিকল্পনা করে। সে বাংলাদেশেই সামরিক প্রশিক্ষণ নিয়েছে। সে নিজেই রংপুর থেকে পুরো উত্তরবঙ্গে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করতো।

রাজধানীর বাসাবোর একটি বাড়িতে বসে বৈঠকের মাধ্যমে ১৭ আগস্ট বোমা হামলার পরিকল্পনা করা হয় বলে আউয়াল জানায়।

আউয়ালকে বুধবার নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় পাঁচদিনের রিমান্ড শেষ হওয়ার আগেই সিএমএম আদালতে আনা হয়।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত আউয়ালকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানি বুধবার মহানগর হাকিম মোঃ জাহাঙ্গীর আলমের খাস কামরায় দুপুর ২টা থেকে বেলা ৫টা পর্যন্ত দেশে বোমা হামলার বিস্তারিত বর্ণনা, জেএমবি’র উত্থান, অর্থযোগানের ব্যাপারে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

আদালতের কাছে দেওয়া বুধবারের জবানবন্দিতে সানি জানায়, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল ও পুলিশের উপর ও আদালত প্রাঙ্গনে বোমা মারতে হবে। এতে সবাই ভীত হয়ে পড়বে। সরকারের উপর জনগণের হিংসা, বিদ্বেষ ও ঘৃণা বাড়বে। এতে সরকারের পতন হবে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই বোমা হামলার নির্দেশ দেয় বলে সানি জানায়।

জবানবন্দিতে সানি জানায়, গত বছরের (২০০৫) জুনের শেষের দিকে দুই ব্রিটিশ নাগরিক ঢাকার বাসাবোতে শায়খের সাথে দেখা করে জেএমবি’র কর্মসূচি পালনের জন্যে ১০ হাজার পাউন্ড সাহায্য দেয়। এর মধ্যে দুই হাজার পাউন্ড শায়খ- জামাতা আউয়ালকে দেওয়া হয়। বাকি টাকা সংগঠনের কাজে ব্যয় হয়।

উল্লেখ্য, সানির জবানবন্দিতে উল্লেখিত দুই ব্রিটিশ নাগরিক হচ্ছে আবদুর রহমান ও সাজ্জাদ।

সানি জানায়, ২০০২ সালের জুলাই মাসে রাজধানীর বাসাবো এলাকায় জেএমবি’র মজলিশে শুরা সদস্যদের বৈঠক হয়। সেখানে শায়খ সবাইকে বলেন, অনৈসলামিক এনজিও ব্র্যাক, কারিতাস, গ্রামীণ ব্যাংক, প্রশিকা নারীদেরকে বেপর্দায় রাস্তায় নামায়। এ কারণে তাদের মালামাল লুট করা জায়েজ।

শায়খের উদ্ধৃতি দিয়ে সানি জানায়, বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। তাদেরকে বাঁচানোর জন্যে জেহাদ করতে হবে।

সানি জবানবন্দিতে বলে, সে আলেম পাস। ১৯৯৮-১৯৯৯ শিক্ষা বর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়। তারা চার ভাই ও পাঁচ বোন। সে মায়ের অষ্টম সন্তান। তাই ভাই মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করে ১৯৮৫ সালে দেশে ফিরে এসে পরের বছর সৌদি দূতাবাসে চাকরি পায়। ’৮৭ সালে চাকরি ছেড়ে দিয়ে আল হেরা ডায়াগনস্টিক সেন্টার নাম দিয়ে ক্লিনিক ব্যবসা শুরু করে।

সানি জানায়, ১৯৯৮ সালের রমজান মাসে শায়খ আবদুর রহমানসহ আরো দুই/তিনজন সানিসহ ৭/৮জনকে নয়াপাড়ার বাসায় ডেকে নিয়ে যায়। এরপর জেএমবি’র কার্যক্রম শুরু হয়ে যায়।

ওই সময় সানিকে কুষ্টিয়া, নারায়ণগঞ্জের বন্দর থানা, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কাজে পাঠানো হয় এবং তাকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। কোন কাজেই যেন কোন অনীহা না থাকে সে জন্যে তাকে রিকশা চালানো পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। ২০০২ সালে সে সংগঠনের এহসার সদস্য হয় বলে সানি জানায়।

সানি জানায়, ২০০৪ সালের মে মাসের প্রথমদিকে টাঙ্গাইলের একটি এনজিও লুটে সে অংশ নেয়। ২০০৪ সালের মে মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা লুট করে। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের পর পুলিশের রাইফেল লুট করে। একই বছরের জুনে দেলদুয়ার থানার যাত্রানুষ্ঠান কয়েকজনকে সাথে নিয়ে সে বোমা হামলা চালায়।

লুটের মালের বিক্রির টাকার ৮০ শতাংশ সংগঠনের সদস্যদের ও বাকি ২০ শতাংশ কেন্দ্রীয় সদস্যদের দেওয়া হতো বলে সানি জানিয়েছে।

সানি জানায়, এর আগে ২০০৩ সালের মহেশগ্রামে বৈঠকের সময় পুলিশ তাদের ১৮জনকে গ্রেপ্তার করে।