২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চেন্নাই-এ ২১তম আন্তর্জাতিক চামড়া মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ

ভারতের চেন্নাই-এ ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২১তম আন্তর্জাতিক চামড়া মেলায় বাংলাদেশ সাফল্যের সাথে অংশ নিয়েছে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর সাংগঠনিক ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পাঁচটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে, পিকার্ড বাংলাদেশ লিঃ, ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিঃ, জেনিস সুজ লিঃ, লিগেসি ফুটওয়্যার লিঃ এবং বে ফুটওয়্যার লিঃ।

চেন্নাই মেলা চামড়া ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে ভারতের অনুষ্ঠিত সর্ববৃহৎ বাণিজ্য মেলা। এতে ভারতসহ বিভিন্ন দেশের ২০৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মেলায় ১০ হাজার ক্রেতার সমাগম হয়। ভারত তথা বিশ্ব বাজারে বাংলাদেশী চামড়াজাত পণ্যে রপ্তানী বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে এ মেলায় রপ্তানী উন্নয়ন ব্যুরো থেকে অংশগ্রহন করা হয়।

বাংলাদেশী প্রতিষ্ঠান সমূহ মেলায় যে সকল পণ্য সামগ্রী প্রদর্শন করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরুষ ও মহিলাদের জুতো, স্যান্ডেল, মহিলা ও পুরুষদের মানিব্যাগ/পার্স ও ব্যাগসহ অন্যান্য চামড়াজাত পণ্য।

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের আগত দর্শক ক্রেতাগণ বাংলাদেশী চামড়াজাত পণ্যের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং পণ্যের গুনগত মানের প্রশংসা করেন। বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানই মেলায় রপ্তানী আদেশ লাভ করে। প্রতিষ্ঠানসমূহ মেলায় সর্বমোট প্রায় ছয় কোটি টাকার তাৎক্ষণিক ও সম্ভাব্য রপ্তানী আদেশ লাভে সক্ষম হয়।