বাড্ডায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪, আহত ২
নগরীর বাড্ডার একটি ইট-বালুর দোকানে মঙ্গলবার বিকেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে।
নিহতরা হল- বাড্ডার আজিজ সারফুদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৮) এবং আফতাবউদ্দিনের ছেলে তাজুল ইসলাম, মেরুল বাড্ডার আমির হোসেনের ছেলে মাসুম (৩০) এবং রুবেল।
আহতরা হল- কামরুল (২৩) এবং জামাল উদ্দিন (৪০)। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীতে একই ঘটনায় চারজনের হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ ঘটনা।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, হতাহতরা বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ বাড্ডার একটি ইট-বালুর দোকানে বসে গল্প করার সময় এ ঘটনা ঘটে।
বন্দুকধারীরা খুব কাছ থেকে তাদেরকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর দুজনের মৃত্যু হয়।
হত্যাকারীরা এ ঘটনা ঘটিয়ে কোনও প্রকার বাধা না পেয়ে নির্বিঘ্নে স্থান ত্যাগ করে।
তবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
