খুলনার সাংবাদিক রশীদ হত্যা মামলার রায়ে সকল আসামি বেকসুর খালাস, সাংবাদিক সমাজের প্রত্যাখান
খুলনার দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ খোকন হত্যা মামলার রায়ে মঙ্গলবার সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খূলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সামাদ এ রায় প্রদান করেন।
এদিকে রায় প্রত্যাখান করে ক্ষোভ প্রকাশ করেছে খুলনার সাংবাদিক সমাাজ। পুলিশের তদন্তে গাফিলতি ও দূর্বল চার্জশিট দাখিল করায় মামলার এই পরিনতি হয়েছে বলে অভিযোগ করে তারা। নিহতের পরিবারও একই ভাবে এ রায় প্রত্যাখান করেছে।
দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার হারুন আর রশীদ খোকন ২০০২ সালের ২মার্চ দৌলতপুরের দেয়ানস্থ নিজ বাড়ি থেকে রাত ৮ টার দিকে কর্মস্থল খূলনা ইকবাল নগর অফিসে যাওয়ার সময় যশোর খুলনা মহাসড়কের মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ৩ মার্চ রশীদ খোকনের শ্যালক মো. মোড়ল বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সিআইডি’র সহকারী পুলিশ সুপার মওলা বক্স ২০০৫ সালের ১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। এতে মোক্তার হোসেন ওরফে বেবি, শাহীন ও আমজাদ হোসেন ওরফে কালা আমজাদকে অভিযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মনিটরিং সেল চাঞ্চল্যকর চিহ্নিত করে ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরনের নির্দেশ দেয়। মামলায় ২৯ জন সাক্ষীর মধে্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় প্রদান করে। আসামীদের মধ্যে কালা আমজাদ ইতোমধ্যেই নিহত হয়েছে। মোক্তার হোসেন ওরফে বেবি জামিনে রয়েছে। জেল হাজতে থাকা শাহীনের আদালতের কাঠগড়ায় উপস্থিত কালে রায় ঘোষনা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এসএম আবু জাফর।
রায় প্রত্যাখান করে খুলনা প্রেসক্লাবের সভাপতি আলহাজ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক এ কে হিরু বিবৃতিতে বলেছেন, পুলিশের তদন্তে গাফিলতি ও দূর্বল চার্জশিট প্রদানের কারনে মামলার প্রত্যাশিত রায় প্রদান করা সম্ভব হয়নি। প্রকৃৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি।
