দিনাজপুরে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ২
দিনাজপুরের বিরল উপজেলার ডুংডুংগি সীমান্ত এলাকায় সোমবার ভোরে বিএসএফ’র গুলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।
বিডিআর সূত্র জানায়, ভোর রাতে তিন ব্যক্তি সীমান্তের মূল পিলার-১ এর পার্শ্ববর্তী কাটাতারের বেড়া পার হওয়ার সময় ১১৬ বিএসএফ ব্যাটেলিয়নের সাথিমারি ক্যাম্পের সদস্যরা তাদের দেখে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়ে বাকি দুইজন ভারতে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিরল সীমান্তে বিডিআর ১৪ ব্যাটেলিয়ন ও বিএসএফ ১১৬ ব্যাটেলিয়নের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে বিএসএফ জানায়, নিহত ও আহত ব্যক্তিরা বাংলাদেশী। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি চালিয়েছে।
অপরদিকে বিডিআর এই বক্তব্যের বিরোধিতা করে বলেছে, নিহত ও আহত ব্যক্তিরা বাংলাদেশী নয়।
নিহতের লাশ সোমবার ময়নাতদন্ত শেষে ভারতের হাসপাতালে রাখা হয়েছে।
