গুলশানে মঙ্গলবার অ্যারিস্টেক্রেট ফুডস-এর উদ্বোধন
ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারের স্লোগান নিয়ে রাজধানীতে মঙ্গলবার অ্যারিস্টেক্রেট ফুডস নামের আন্তর্জাতিক মানের একটি রেস্টুরেন্ট, বেকারি এবং ক্যাটারিং সার্ভিস-এর উদ্বোধন হচ্ছে।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর রেস্টুরেন্টটির উদ্বোধন করবেন। তবে মঙ্গলবারের আয়োজন থাকবে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্যে। তবে বৃহস্পতিবার থেকে রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিস সকলের জন্যে উন্মুক্ত থাকবে।
সোমবার রেস্টুরেন্টের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রেস্টুরেন্টটির খাবারের মান পাঁচতারা হোটেল সোনারগাঁ-শেরাটনের মত হলেও দাম থাকবে সাধারণের হাতের নাগালে। দুপুর ও রাতে বুফে খাবারের জন্যে যথাক্রমে আড়াইশ’ ও সাড়ে তিনশ’ টাকা করে লাগবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যারিস্টেক্রেট ফুডস লিমিটেডের পরিচালক প্রকৌশলী আব্দুল বাতেন, ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান খান, নির্বাহী পরিচালক মুসলিম আলী আরিফ, কুয়েতি অংশীদার জামাল আল খামিজ এবং রেস্টুরেন্ট ম্যানেজার ইয়াং ইং পেন।
