২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে নিরপরাধ বাংলাদেশী হত্যা বন্ধে বিএসএফ-এর আশ্বাস

বাংলাদেশী নিরপরাধ নাগরিকদের বিনা উস্কানীতে গুলি করে হত্যা বন্ধের আশ্বাস দিয়েছে বিএসএফ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বেনাপোল পর্যটন মোটেলে অনুষ্ঠিত  দু’দেশের সীমান্তরক্ষীদের সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠকে সোমবার বিএসএফ কর্মকর্তারা এ আশ্বাস দেন। বৈঠকে বিডিআর-এর পক্ষে নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল একেএম মাহফুজ উল হক এবং বিএসএফ-এর পক্ষে কলকাতার সেক্টর কমান্ডার ও ডিআইজি একে ঝাঁ।

বৈঠক সূত্রে জানা যায়, বিএসএফ কর্তৃক সীমান্ত এলাকায় বাংলাদেশী নিরপরাধ নাগরিক হত্যা এবং মাদক, অস্ত্র, বিস্ফোরকসহ অন্যান্য চোরাচালান বন্ধের দাবি জানানো হয়। বিএসএফ কর্মকর্তারা এসব বিষয় গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দেন।

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৈঠক চলে। পরে দু’দেশের সীমান্তরক্ষীদের মাঝে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার সিও লে.কর্নেল আহসান হাবিব খান, সাতক্ষীরার সিও লে. কর্নেল গোলাম হোসাইন সরকার, যশোরের সিও লে. কর্নেল শাহেদুল হক, স্টাফ অফিসার মেজর আবুল কালাম আজাদ ভূইঁয়া, শাহিনুর হাসনাত ইসলাম, মেজর আহমেদ তারিক সুমীন এবং বিএসএফ-এর পক্ষে বারাসাত কমান্ডার আরসি গৌর, ঠাকুরভিলা কমান্ড্যান্ট এসকে বড়–য়া, কল্যাণী কমান্ড্যান্ট অসিম ভাইস, আরসি সিং জামিল আহমেদ, কুনাল মজুমদার, মনীষ রঞ্জন প্রমুখ।