২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেএমবি’র ৯ শীর্ষ সদস্য গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা গত দু’দিনে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ পর্যায়ের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তবে এ অভিযানকালে জেএমবি’র শীর্ষ নীতি নির্ধারণী কমিটি মজলিশে শুরার এক সদস্য পালিয়ে যায় বলে র‌্যাব সূত্র জানায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিভাগীয় কমান্ডার, তিনজন এহসার (সার্বক্ষণিক সদস্য) এবং পাঁচজন জেলা কামান্ডার।

এসব অভিযানে র‌্যাব সদস্যরা বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।

গ্রেপ্তারকতৃদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে, রংপুরের এহসার মূসা, ঠাকুরগাঁও জেলা কমান্ডার আমজাদ, নীলফামারী জেলা কমান্ডার আবু সায়েম। অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, জেএমবি’র অন্যতম শীর্ষ নীতি নির্ধারক মজলিশে শুরা সদস্য হাফেজ মাহমুদের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যরা গত কয়েকদিনে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে অভিযান চালায়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের অভিযান টের পেয়ে হাফেজ মাহমুদ পালিয়ে যায়। সে মজলিশে শুরার ছয় সদস্যের অন্যতম।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত দুই মজলিশে শুরা সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছে। তারা হচ্ছে, জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি এবং জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের জামাতা আব্দুল আউয়াল।