সার ব্যবস্থাপনা বিলসহ সংসদে ২টি বিল পাস, আরো ৪টি উত্থাপন
জাতীয় সংসদে রোববার সার (ব্যবস্থাপনা) বিল ২০০৬সহ দুটি বিল পাস এবং আরো চারটি বিল উত্থাপন করা হয়েছে।
কৃষিমন্ত্রী এমকে আনোয়ার সার উৎপাদন, আমদানি ও বিক্রি, পরিবহন, ভেজাল প্রয়োগ রোধ, সারের মান নিয়ন্ত্রণে অপরাধীদের শাস্তির মেয়াদ বৃদ্ধি করে সার (ব্যবস্থাপনা) বিল ২০০৬ সংসদে উত্থাপন করেন। বিলটি আলোচনা শেষে সংসদে পাস করা হয়। এতে সারের বস্তার লেবেল পরিবর্তন ও ভেজাল সার বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ দু’বছর কারাদণ্ড ও দু’লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে।
এছাড়াও নিবন্ধনবিহীন বিক্রি, পরীক্ষাগারবিহীন কারখানা, গুদামজাত বা মজুদ, লেবেলবিহীন বা স্পষ্ট নামোল্লেখ ছাড়া সার বিক্রি ও আকর্ষণীয় উদ্ভিদ-পুষ্টিবিহীন সার বিক্রির জন্যে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এর আগে বিদ্যুতের চুরি ও অবৈধ ব্যবহার রোধে কঠোর শাস্তির বিধান করে ‘দি ইলেক্ট্রসিটি (সংশোধন) বিল’ ২০০৬ সংসদে পাস করা হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করলে আলোচনা শেষে তা পাস হয়।
এতে বিদ্যুতের অবৈধ ব্যবহার ও চুরির জন্যে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।
এছাড়াও ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল ২০০৬, আদালত সংস্কার বাস্তবায়ন (সহায়ক বিধান) (সংশোধন) বিল ২০০৬, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০০৬ ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০০৬ সংসদে উত্থাপন করা হয়।
বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
