২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণগ্রেপ্তারের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা আরোপ

বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের গণগ্রেপ্তারের বিরুদ্ধে হাইকোর্ট রোববার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিচারপতি এম এ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৬ ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারায় যেসব লোককে আটক করা হয়েছে তাদের পূর্ণ নাম ঠিকানা আদালতে পেশ করার নিদের্শ দিয়েছেন।

জনস্বার্থে দায়ের করা বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইন সহায়তা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেড আই খান পান্নার একটি রিট পিটিশনের শুনানি শেষে আদালত এ রায় দেন। এসময় আদালত বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের গণগ্রেপ্তারকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকারের প্রতি একটি রুল জারি করেন।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের রাজধানীমুখী লংমার্চের আগে ও লংমার্চ চলাকালে সারাদেশে অভিযান চালিয়ে পুলিশ কর্তৃক বিরোধী দলের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ নাগরিককে গ্রেপ্তারের পটভূমিতে হাইকোর্ট সরকারের গণগ্রেপ্তারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করল।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নামে পুলিশের গণগ্রেপ্তারের হাত থেকে সাধারণ নাগরিকরাও বাদ যায়নি।

এদিকে গণগ্রেপ্তারের কারণে রাজধানীর অধিকাংশ থানায় আটককৃতদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পিটিশনে স্বরাষ্ট্র, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদ্বয়, পুলিশের আইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার মুখ্য মহানগর হাকিম, পুলিশের আইজিকে (প্রিজন) বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

পিটিশনে আবেদনকারী উল্লেখ করেন, সংবাদপত্রগুলো জানায়, প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের রাজধানীমুখী লংমার্চকে পণ্ড করতে পুলিশ গত তিনদিনে প্রায় আট হাজার বিরোধী নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করে।

আবেদনকারীর আইনজীবী ড. কামাল হোসেন আদালতে গণগ্রেপ্তার জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আপিল বিভাগ ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৬ ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারায় গণগ্রেপ্তার সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে একটি নির্দেশনা প্রদান করলেও সরকার তা মানছে না।

সহকারী অ্যাটর্নি জেনারেল সামাদ কামাল আদালতের এ রুল ও নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু সংবাদপত্রগুলো অতিরঞ্জিত করে সংবাদ প্রকাশ করেছে।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট তবারক হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও ব্যারিস্টার তানজীব-উল আলম।