২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সিদ্ধান্ত বদল: বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য পাবে গ্রামাঞ্চল

বিদ্যুতের জন্যে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে রক্তক্ষয়ী প্রতিবাদের পর সরকার তার সিদ্ধান্ত পুরোপুরি বদলে ফেলেছে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে নগরী ও শহরগুলোকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে এখন থেকে গ্রামাঞ্চালকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে তার বাসায় শুক্রবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এছাড়াও বৈঠকে দৈনন্দিন সেচের সময়সীমা রাত ১১টা থেকে ভোর ৬টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, প্রকৃত সেচের সময়কালে (রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত) নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

চলমান বিদ্যুৎ সংকট বোরো চাষে ব্যাঘাত ঘটাতে পারে এ আশংকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে বর্তমানে প্রতিদিন বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট।

কর্মকর্তারা জানান, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে ৯০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপ চালাতে দরকার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা রয়েছে মাত্র ৬০০ মেগাওয়াট।

বৈঠকে বিদ্যুৎ ব্যবস্থাপনা কর্মসূচির কথা উল্লেখ করে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবাহের ক্ষেত্রে কৃষিকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পর্যবেক্ষণ কমিটি সেচ ব্যবস্থাকে বিদ্যুৎ সরবরাহের আওতার বাইরে রাখতে বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এছাড়াও কৃষক ও গ্রামীণ জনগণ যাতে এ কার্যক্রমের সুবিধা ভোগ করতে পারে সেজন্যে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে এ কমিটি।